
বাসাইলসংবাদ: শুক্রবার, ২১জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে জসিম উদ্দিন নামের এক প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২০ জুন) রাতে ওই প্রেমিকা বাদি হয়ে সখীপুর উপজেলার পাথারপুর গ্রামের আলম মিয়ার ছেলে প্রেমিক জসিম উদ্দিনকে (২৫) প্রধান আসামি করে ৭জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন।
এদিকে অভিযুক্ত ধর্ষক জসিম উদ্দিনকে গ্রেফতার করতে না পারলেও ধর্ষণের সহযোগিতার দায়ে ওই প্রেমিকের নানা দুদু মিয়াকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মালদ্বীপ প্রবাসী জসিম উদ্দিনের সঙ্গে ওই তরুণীর দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এরপর থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৫মে ছুটিতে জসীম উদ্দিন মালদ্বীপ থেকে দেশে ফিরেই ওই তরুণীর ঢাকার ভাড়া বাসায় ওঠে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই প্রেমিকার সঙ্গে প্রেমিক জসিম একাধিকবার শারীরিক সম্পর্ক করে। বিয়ের আয়োজন করার কথা বলে প্রেমিক জসিম উদ্দিন বাসা থেকে চলে আসে এবং প্রেমিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ওই তরুণী গত সোমবার (১৭জুন) জসিম উদ্দিনের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করে। তরুণী বাড়িতে ওঠার পর প্রেমিক, প্রেমিকের মাসহ ভাই-বোন সবাই বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়। এরপর ওই তরুণী বাদি হয়ে বৃহস্পতিবার (২০ জুন) রাতে সখীপুর থানায় প্রেমিক জসিমসহ ৭জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন।
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, এঘটনায় ওই তরুণী তার প্রেমিক জসিম উদ্দিনসহ ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার প্রধান আসামি জসিমসহ অভিযুক্তরা পলাতক রয়েছে। এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার (২১জুন) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/একেবি




