
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, সহকারী পুলিশ সুপার (সখীপুর-বাসাইল সার্কেল) একেএম মামুনুর রশীদ, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প-২’ এর আওতায় ৪ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার ৭৮৬ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবন ও হলরুমের নির্মাণকাজ সম্পন্ন করা হয়। কাজটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৈয়দ মজিবর রহমান ও অবনী এন্টারপ্রাইজ (জেবি) কাজটি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘আজকে বাসাইল উপজেলার জন্য একটি অত্যন্ত আনন্দের ও গৌরবের দিন। বহু বছর ধরে একটি পুরোনো ভবনে দাপ্তরিক কাজ পরিচালনা করতে হলেও অবশেষে আজ আমরা উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করতে পেরেছি। সরকার কর্তৃক আমাকে একটি পর্যবেক্ষণ কক্ষ প্রদান করা হয়েছে। যখনই আমি নির্বাচনী এলাকায় কাজ বা পরিদর্শনে আসব, এখানে বসেই আপনাদের খেদমতে কাজ করতে পারব। কাজেই এই উপজেলা কমপ্লেক্স, আমার এই পর্যবেক্ষণ রুম এই বাসাইলের উন্নয়নের কেন্দ্রবিন্দু হোক, এটা প্রত্যাশা করি। বাসাইলের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই।’
বাসাইলসংবাদ, ১২ অক্টোবর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন





