
বাসাইলসংবাদ: শুক্রবার, ২১জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে জিন তাড়ানোর ছলে ধর্ষণ চেষ্টা মামলায় রুহুল আমিন (৩৫) নামের এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১জুন) দুপুরে রুহুল আমিনকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বড়কা গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে গত সোমবার (১৭ জুন) অভিযুক্ত মুয়াজ্জিন রুহুল আমীনের (৩০) বিরুদ্ধে মামলা দায়ের করেন। শিশুটি উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত রুহুল আমীন উপজেলার কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে কমর্রত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা সদরে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ওই মুয়াজ্জিন মেয়েটির বাড়িতে যায়। এ সময় ওই মেয়েটিকে জিনে ধরেছে এবং তাকে ঝাড়ফুঁক দিয়ে জিন তাড়াতে হবে এমন কথা জানান তার পরিবারকে। পরে মেয়েটিকে একটি ঘরে আলাদা নিয়ে ঝাড়ফুঁক দেওয়ার ছলে তার চোখে-মুখে সরিষার তেল ঢেলে দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির চিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা এগিয়ে যায়। ওই মুয়াজ্জিন তখন দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটকে গণপিটুনি দেয়। পরে স্থানীয় মাতাব্বরদের সহযোগিতায় মুয়াজ্জিন পালিয়ে যায়।
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, ‘ধর্ষণ চেষ্টা মামলায় রুহুল আমিনকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
বাসাইলসংবাদ/একেবি




