
বাসাইলসংবাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৫ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী সফিউল্লাহ আল মুনিরের (লাঙ্গল) দুইটি গাড়ি ভাংচুর ও কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের জেলা সদর রোডের ললিতা ফার্মিসী’র পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫জন সমর্থক আহত হয়েছে জানা গেছে।
ওই গাড়িতে থাকা সফিউল্লাহ আল মুনিরের মামা মহব্বত হোসেন বলেন, ‘আমার ব্যবসায়িক ৫০ লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে বাড়ির দিকে যাওয়ার সময় জেলা সদর রোডের ললিতা ফার্মিসী’র পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের গাড়িতে হামলা করে। এসময় আমার সাথে থাকা ৫০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা।’
তিনি আরও বলেন, ‘আমরা বাধা দিতে গেলে আমাদের কয়েকজন কর্মীকে রড, বাঁশের লাঠি, জিআই পাইপ দিয়ে এলোপাথারি পিটাতে থাকে। পরে আমি টাকার ব্যাগ ছেড়ে দিয়ে পাশের একটি মার্কেটের নিচ তলায় আশ্রয় নেই। এ ঘটনায় আমাদের ৫জন কর্মী আহত ও একটি জীব (ঢাকা মেট্রো ঘ- ০২-০৯১৬) ও একটি হায়েজ (ঢাকা মেট্্েরা চ- ১৩-৮০২৬) গাড়ি ভাংচুর করে।’
জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সফিউল্লাহ আল মুনির বলেন, কয়েকদিন যাবত আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের অফিস ভাংচুর, নেতা কর্মীদের হুমকি ও মারধর করে আসছে। আজকেও আমাদের কর্মীকে মারধর, দুটি গাড়ি ভাংচুর ও ৫০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে। প্রশাসনের প্রতি আমার আস্তা আছে। এ ঘটনার সঠিক বিচার পাবো।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান বলেন, জাতীয় পার্টির দুটি গাড়ি ভাংচুরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বাসাইলসংবাদ/একে




