
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ নৌকা ভ্রমণে গিয়ে সেল্যু থেকে নদীতে পড়ে যাওয়ার ৩৮ ঘন্টা পর বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে অবশেষে উদ্ধার হয়েছে মির্জাপুর সরকারি কলেজের ছাত্র ও পৌর সদরের কুমারজানি গ্রামের বাদশা মিয়ার ছেলে রাজিব মিয়ার (২০) লাশ। রাজীব গাজীপুরের মুন্সিপাড়া এলাকায় নিখোঁজ হলেও ঢাকার আশুলিয়া থেকে তার লাশ উদ্ধার হয় বলে পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, ঈদের পরদিন অর্থাৎ গত ১৩ আগস্ট বন্ধুদের সাথে ঢাকার মিরপুরে নৌকা ভ্রমণে যায় রাজীব। সেখান থেকে ফেরার পথে রাত ৮ টার দিকে চলন্ত সেল্যু থেকে তুরাগ নদীতে পড়ে যায় রাজীব। ঘটনার পর থেকে রাজীবকে উদ্ধারের চেষ্টা চালায় টঙ্গী ফায়ার সার্ভিস। কিন্তু দীর্ঘ সময় চেষ্টা করে গত বুধবার উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। কিন্তু পরিবারের চেষ্টায় আশুলিয়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বাসাইলসংবাদ/একেবি




