
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী ইসতিয়াক আহমদ (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসতিয়াক পৌরসভার ৩নং ওয়ার্ডের শাকিল আজাদের ছেলে। সে সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে ইসতিয়াক সখীপুর থেকে নলুয়া যাওযার উদ্দেশ্যে রওনা হয়। মোটরসাইকেলটি উপজেলার বোয়ালী উত্তরপাড়া এলাকার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় ইসতিয়াক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অমির হোসেন এতথ্যটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক পিকআপ চালক পালিয়ে গেছে।
বাসাইলসংবাদ/একেবি




