
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর,
টাঙ্গাইলের সখীপুরে বেগম আলেয়ার সঞ্চিত অর্থে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সখীপুর থানা পুলিশ। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলার প্রতিমা বংকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত সেই শহীদ মিনারে ভাষা প্রেমী বেগম আলেয়াকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওসি আমির হোসেন। এ সময় ওসি তদন্ত লুৎফুল কবির, এসআই বদিউজ্জামান, বেগম আলেয়ার ছেলে ফেরদৌসসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই প্রথম উপজেলার প্রতিমা বংকী এলাকার জনগণ ও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্মিত শহীদ মিনারে ফুল দিলেন। এরআগে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা কলাগছ দিয়ে একটি শহীদ মিনার নির্মাণ করে পুস্পস্তবক অর্পণ করে। এ ঘটনায় বেগম আলেয়া শিক্ষার্থীদের শহীদ মিনারের প্রতি আগ্রহ দেখে নিজের সঞ্চয় করা টাকা দিয়ে ওই বিদ্যালয়ে একটি শহীদ মিনার নির্মাণ করে দেন। সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসী উৎসব মুখর পরিবেশে সেই শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বেগম আলেয়া ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ওই এলাকার আজাহার মাস্টারের স্ত্রী।
বাসাইলসংবাদ/একেবি




