
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করেন। রাত ১২.০১মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মোমবাতি প্রজ্জলন এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৮ টার দিকে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে প্রভাতফেরী অনুষ্ঠিত হয়। প্রভাতফেরী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও গত ২০ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং শুদ্ধ বানান লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাসাইলসংবাদ/একেবি




