
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০৪ এপ্রিল, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমানের সরকারি মোবাইল নম্বর (০১৭৬২৬৯১৬৩১) ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৪টা থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে সখীপুরের ইউএনও পরিচয় দিয়ে টাকা দাবি করছে এই চক্র। বিষয়টি জানার পর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সখীপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন ইউএনও।
এদিকে ইউএনও তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সখীপুরবাসীকে তার ক্লোন হওয়া নম্বর থেকে টাকা চাইলে তা না দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে সতর্ক করে দেন।
ইউএনও আমিনুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার বিকেল ৪টার থেকে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার কয়েকজন প্রধান শিক্ষকের কাছে তার সরকারি নম্বরটি ক্লোন করে ফোন দেওয়া হয়। এ সময় ল্যাপটপ দেওয়ার জন্য বিকাশের মাধ্যমে টাকা দাবি করে অজ্ঞাত দুস্কৃতকারীরা। বিষয়টি কয়েকজন প্রধান শিক্ষক আমাকে জানান। পরে ফোন নম্বর ক্লোনের বিষয়টি বুঝতে পারি।’

এঘটনায় ইউএনও অফিসের গোপনীয় সহকারী কাম- উচ্চমান সহকারী বুদ্ধ দেব সরকার সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন বলেন, ‘এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’
বাসাইলসংবাদ/একেবি




