
বাসাইলসংবাদ: শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯:

অনলাইন নিউজ ডেস্ক :
শীতের সময় শীতের হাত থেকে বাচার জন্য আমরা কতো কিছুই না করে থাকি। তাছাড়া শীতকাল মানেই অনিয়মিত গোসল। আর গোসল করলেও গরম পানিতে। অনেকেই মনে করেন ঠাণ্ডার ভয়ে গোসল না করার চেয়ে গরম পানিতে গোসল করাই ভালো। কিন্তু এইভাবে রোজ গরম পানিতে গোসল করাটা কি স্বাস্থ্যকর? আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।
শীতকালের শুষ্ক আবহাওয়ায় ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন। এই সময় বাতাসে আদ্রতার পরিমাণ খুব কম থাকায় আমাদের ত্বকও শুষ্ক হয়ে যায়। শীতকালে বাতাসের অরিরিক্ত শুষ্কতার প্রভাবে আমাদের ত্বক খুবই রুক্ষ্ম, শুষ্ক আর নিষ্প্রাণ হয়ে পড়ে।
ঠাণ্ডার প্রকোপ থেকে বাঁচতে এই সময় অনেকেই নিয়মিত গরম পানিতে গোসল করেন। বস্টন ইউনিভার্সিটির গবেষকদের মতে, শুষ্ক আবহাওয়ায় নিয়মিত গরম পানিতে গোসল করার ফলে ত্বক তার আদ্রতা দ্রুত হারিয়ে ফেলে। এছাড়া, প্রতিদিন গরম পানিতে গোসল করার ফলে হজমেরও নানা সমস্যা হতে পারে। বেড়ে যেতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা।
গবেষকদের মতে, শীতকালে ঠাণ্ডার হাত থেকে বাঁচতে গোসলের পানি সামান্য উষ্ণ হলে ক্ষতি নেই। উষ্ণ পানিতে গোসলের ক্ষেত্রে গোসল করার সময় কমিয়ে দেওয়া প্রয়োজন। তবে গোসল বন্ধ করা বা কনকনে ঠাণ্ডা পানিতে গোসল না করাই ভালো।
সবচাইতে ভালো হয় পানির তাপমাত্রা নাতিশীতোষ্ণ রাখুন। এতে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না। এবং গোসল করে আরাম পাবেন বেশি।
বাসাইলসংবাদ/একেবি




