
বাসাইলসংবাদ: রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে প্রয়াত এমপি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার দিনব্যাপি সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজ ক্যাম্পাসে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফাউন্ডেশন, স্থানীয় আওয়ামী লীগ, সুধী সমাজ ও পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, স্মরণসভা ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। স্মরণসভায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সাবেক এমপি অনুপম শাহজাহান জয়ের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, অধ্যক্ষ রেনুবর রহমান, অধ্যক্ষ সাঈদ আজাদ, অধ্যক্ষ রহিজ উদ্দিনসহ মুক্তিযোদ্ধা, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২০১৪ সালের ২০ জানুয়ারি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের প্রয়াত এমপি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেন।
বাসাইলসংবাদ/একেবি




