
বাসাইলসংবাদ: সোমবার, ০৪ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মির্জাপুরে তিনটি পদে ১১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়নপত্র দাখিল করেন। সোমবার (০৪ মার্চ) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে উপজেলা নির্বাচন অফিসারের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ফিরোজ হায়দার খান, মোস্তফা মিয়া এবং রুপা রায় চৌধুরী।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে আজহারুল ইসলাম আজাহার, জিএস সেলিম সিকদার, মোহাম্মদ ফারুক হোসেন ও আবুল কাশেম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মির্জা শামীমা আক্তার শিফা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সালাম উর্মি ও খালেদা সিদ্দিকা স্বপ্না।
অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার এ এম শামছুজ্জামান।
উল্লেখ্য, এ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।
বাসাইলসংবাদ/একেবি




