
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০৫ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কের মির্জাপুর শহর অংশে সড়ক জনপদ ও সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে টাঙ্গাইল জেলা সড়ক বিভাগ। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে দুপুরের পর পর্যন্ত জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সহায়তায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মির্জাপুর পৌর সদরের পুরাতন বাসস্ট্যান্ডে অবৈধভাবে গড়ে উঠা প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বহুতল ভবন ভেঙ্গে দেয়া হয়। তবে অভিযান কালে মনজুর হোসেন, কবির আহমেদ, ফারুক আহমেদ, হোটেল ব্যবসায়ী পরিতোষসহ অনেককেই তাদের জমির কাগজপত্র নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আকুতি মিনতি করতে দেখা যায়। অপরদিকে মহাসড়ক লাগোয়া কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের অভ্যন্তরে সড়ক ও জনপদের ৩০ ফিট জায়গা থাকলেও তাদের নির্মিত দেয়াল কেন ভাঙ্গা হচ্ছেনা তা নিয়ে উপস্থিত অনেকেই প্রশ্ন তুলেন।
এর আগে সড়ক ও জনপদের বেদখল হওয়া জায়গা লাল দাগ দিয়ে চিহ্নিত করার পর গত সোমবার (০৪ মার্চ) অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে মাইকিং করে সড়ক ও জনপদ বিভাগ।
এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের জেলা উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইমরান ফারহান বলেন, মহাসড়কে যান চলাচল নির্বিঘœ করার উদ্দেশ্যে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে। তবে কুমুদিনীর ভিতরে থাকা জায়গার বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
টাঙ্গাইল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম বলেন, শহরকে নিরাপদ সড়ক ব্যবস্থাপনার মধ্যে আনতে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে। তবে অনেকেই তাদের কাগজপত্র আমার কাছে নিয়ে আসছে কিন্তু এ ব্যাপারে এই মূহুর্তে আমার কিছু করার নেই।
বাসাইলসংবাদ/একেবি




