
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে দীপা সুত্রধর (১৪) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসাইল পৌরসভার পূর্বপাড়ার রায়বাড়িতে এ ঘটনা ঘটে। দীপা ওই এলাকার মৃত গনেশ চন্দ্র সুত্রধরের মেয়ে। নিহত দীপা বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী।
দীপা’র ফুপা কৃষ্ণ চন্দ্র সূত্রধর জানান, দীপা’র বাবা মারা যাবার পর মা ঊষা সুত্রধর অন্যের বাড়িতে কাজ করে তার চার মেয়েকে বিয়ে দিয়েছেন এবং দীপাকে স্কুলে পড়ালেখা করাচ্ছে। পড়ালেখার সুবাদে পার্শ্ববর্তী বেপারী বাড়ির এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৈশাখীর মেলায় তাদের দুজনকে একত্র ঘোরাফেরা করতে দেখে দীপা’র পাশের বাড়ির পাতন সুত্রধর তাকে জোর করে বাড়িতে নিয়ে যায়। পরে তাদের প্রেমের ঘটনা দীপা’র মাকে জানায়। এসময় দীপার মা তাকে কয়েকটা চড়থাপ্পর দেয় ও ওই ছেলের সাথে চলাফেরায় মানা করে। অন্যান্য দিনের মতো মা ঊষা সুত্রধর সোমবার বিকেলে কাজ করতে চলে যায়। সন্ধ্যার পর বাড়ি ফিরে দীপার মা তাকে ডাকাডাকি করে এবং দরজা খুলতে বলে। দীপার কোনও সাড়া শব্দ না পেয়ে তার মা চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে ঘরের ধন্নার সাথে ফাঁসি লাগানো অবস্থায় ওই ছাত্রীর লাশ উদ্ধার করে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘ঝুলন্ত অবস্থায় মেয়েটির মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
বাসাইলসংবাদ/একেবি




