
বাসাইলসংবাদ: শনিবার, ৩০ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল রবিবার (৩১ মার্চ) উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে টাঙ্গাইলের বাসাইলে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস ও দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বহিস্কৃত নেতা ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। এ নির্বাচনে দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী থাকায় দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে এ এলাকার আওয়ামী নেতাকর্মীরা। নৌকার বিজয় ঠেকাতে মরিয়া দলের বিদ্রোহী প্রার্থী কাজী অলিদ ইসলাম। এর ফায়দা লুটার তালে শক্ত অবস্থানে রয়েছে বিএনপির স্বতন্ত্রপ্রার্থী কাজী শহীদুল ইসলাম। সচেতন মহলের ধারণা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীকে টপকিয়ে বিদ্রোহী প্রার্থী পৌঁছে যেতে পারে আবিষ্ঠ লক্ষে।
অপরদিকে নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে এ উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এদিকে উপজেলা নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার ঘাটতি থাকলেও প্রার্থীদের কর্মিসমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সাধারণ ভোটারদের মধ্যে প্রার্থীদের চরিত্র ও আমলনামা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নিকট অতীতে বিপদে-আপদে কাকে কাছে পেয়েছেন এগুলোও হিসাব-নিকাশ কষছেন। শেষমেশ কে হাসবেন জয়ের হাসি, কে পরবেন জয়ের মালা, পরিবর্তন না প্রত্যাবর্তন এ প্রশ্নের জবাব পেতে অপেক্ষা করতে হবে ভোট গণনা পর্যন্ত।
এদিকে পুুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাদিকুর রহমান খান শাহিন (টিয়া পাখি), নুরুল ইসলাম খান (তালা), শাহাদত হোসেন খান (চশমা), সাইফুল ইসলাম খান মন্টু (উড়োজাহাজ), এসএম ফজলুল হক মিয়া (মাইক), সাইফুল ইসলাম শিপন সিকদার (টিউবওয়েল) ও নাজমুল হুদা খান বাহাদুর (পালকী) প্রতীকে মাঠে রয়েছেন।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোজিনা মফিজ খান (পদ্মফুল), জবেদা বেগম (প্রজাপতি), মলি আক্তার (ফুটবল), রেখা বেগম (হাঁস) ও শাম্মী আক্তার মুক্তি (কলস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘ভোটগ্রহণের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করার লক্ষে পর্যাপ্ত আইনশৃঙখলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবেন। আশা করছি এ নির্বাচন শান্তিপূর্ণভাবেই শেষ করতে পারবো।’
উল্লেখ্য, এ উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৫৩টি। মোট ভোটার সংখ্যা ১লাখ ৩৩ হাজার ৭শ’ ৪২জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬৫৩২৩ ও মহিলা ভোটার ৬৮৪১৯জন।
বাসাইলসংবাদ/একেবি




