
বাসাইলসংবাদ: বুধবার, ০৩ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
দেশের অগ্রগতি ও উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে আগামীকাল বৃহস্পতিবার (৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৮। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ৪ অক্টোবর সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের সকল জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ের এ মেলার উদ্বোধন ঘোষণা করবেন।
বাসাইল প্রান্ত থেকে উপজেলাবাসী উপজেলা পরিষদ মিলনায়তনে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করবেন।
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও একইদিনে মেলা শুরু হয়ে চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। বাসাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত মেলায় বিভিন্ন দপ্তরের ৫০টি স্টল অংশগ্রহণ করবে।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘উন্নয়ন মেলার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার মেলায় বিভিন্ন দপ্তরের ৫০টি স্টল অংশ নিবে।’
বাসাইলসংবাদ/একে




