
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০২ অক্টোবর, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে অনুমোদনবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘মায়ের দোয়া’ নামের একটি বেকারি কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (০১ অক্টোবর) বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা বাজারের অবস্থিত ওই বেকারির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা বাজারের মায়ের দোয়া নামের এক বেকারি কারখানার মালিক বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির পণ্য সামগ্রীর মধ্যে রং বা দেহের ক্ষতিকারক পাউডার মিশিয়ে তৈরি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ওই বেকারি কারখানায় অভিযান চালায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির পণ্য তৈরি করার দায়ে ওই বেকারির মালিক একাব্বর হোসেনকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাসাইলসংবাদ/একে




