
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০৪ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
দেশের অগ্রগতি ও উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) থেকে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৮। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশে আয়োজিত মেলার উদ্বোধন ঘোষণা করেন।

বাসাইল প্রান্ত থেকে উপজেলাবাসী উপজেলা পরিষদ মিলনায়তনে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত উন্নয়ন মেলা উপলক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর-রশীদ খান প্রমুখ।

পরে অতিথিরা স্টল পরিদর্শন করেন। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত মেলায় বিভিন্ন দপ্তরের ৫০টি স্টল অংশগ্রহণ করেছে। আগামী শনিবার (৬ অক্টোবর) এ মেলার সমাপ্তি ঘটবে।

উল্লেখ্য, মেলায় প্রতিদিন বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাসাইলসংবাদ/একে




