
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের চিকলী রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারসহ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হয়।

প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, “বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি যুগান্তকারী উদ্যোগ। একটিমাত্র কিউআর কোডের মাধ্যমে সহজে ও নিরাপদে অর্থ পরিশোধ করা যায়। এর ফলে নগদ অর্থ বহনের প্রয়োজনীয়তা কমে, লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পায়। ‘বাংলা কিউআর’-এর ব্যবহার যত বাড়বে, ক্যাশলেস লেনদেন তত সম্প্রসারিত হবে। এ বিষয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারে রূপালী ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”
এতে উপস্থিত ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মঈনউদ্দিন মাসুদ, উপ-মহাব্যস্থাপক ও জোনাল ম্যানেজার মো. কামাল হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ গোলাম মোস্তফা, খায়রুল হাসান ও মো. আমিনুল ইসলামসহ টাঙ্গাইল অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারিরা। কর্মসূচির অংশ হিসেবে দোকানদার, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ‘বাংলা কিউআর’-এর সুবিধা, ব্যবহারবিধি ও গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করা হয় এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে তাদের অবহিত করা হয়।
রূপালী ব্যাংক ‘বাংলা কিউআর’-এর ব্যবহার বৃদ্ধি, ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
বাসাইলসংবাদ, ৩১ জুলাই, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




