
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : এবারের ঈদেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গরু কোরবানি দিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের মুক্তিযোদ্ধা জাবেদ আলী। ঈদের দিন সোমবার (১২ আগস্ট) সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের খামারপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি এ গরু কোরবানি দেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। জাবেদ আলী গোড়াই ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার।
অধ্যাপক দুর্লভ বিশ্বাস জানান, জাবেদ আলী গত ৯ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানি দিয়ে আসছেন। এবার তিনি ৬৩ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে কোরবানি দেন।
মুক্তিযোদ্ধা জাবেদ আলী বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। তখন আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। পরে আমি প্রার্থনা করি, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হন, তাহলে প্রতি বছর গরু কোরবানি দেবো। সেই থেকেই প্রতি বছর গরু কোরবানি দিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমার তিন ছেলের দুই জন বিদেশে থাকে। তাদের টাকা দিয়ে সংসার চলে। সরকারি ভাতার টাকা দিয়ে প্রতি বছর গরু কোরবানি দিই।’
স্থানীয় জামে মসজিদের ইমাম আব্দুর রাজ্জাক বলেন, ‘মুক্তিযোদ্ধা জাবেদ আলী কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গরু কোরবানি দিয়ে আসছেন। জাবেদ আলী খুব ভালো মানুষ। তিনি ন্যায়ের পক্ষে কথা বলেন। এজন্য তিনি সবার কাছেই প্রিয় একজন ব্যক্তি।’
বাসাইলসংবাদ/একেবি




