
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার বানিয়াপাড়ায় বাস উল্টে এবং ছামানের বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার ওসি (তদন্ত) এনামুল হক চৌধুরী এ তথ্যটি নিশ্চিত করেছেন।
মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের দিয়া বাড়ি গ্রামের নান্নু মিয়ার ছেলে আশরাফ আলী (১৮) নিহত হয়। বাস উল্টে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহি বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি ঘাটাইল উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়। এ সময় অনন্ত ১০ জন যাত্রী আহত হয়।
অপরদিকে, ঈদের আনন্দ উপভোগ করতে আশরাফ আলী তার দুই বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বেড়াতে যায়। মোটরসাইকেলটি উপজেলার ছামানের বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিন বন্ধু আহত হয়। পরে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফ আলীকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ওসি (তদন্ত) এনামুল হক চৌধুরী বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। এছাড়াও বাস উল্টে ঘটনাস্থলেই ৪০-৪৫ বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় ১০জন যাত্রী আহত হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাস উল্টে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশটি থানায় রয়েছে।’
বাসাইলসংবাদ/একেবি




