
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের গাছ বিক্রির টেন্ডার প্রক্রিয়ায় সিন্ডিকেট তৈরি করার অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার (৭ জুন) বিকেলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন।

বহিষ্কৃতরা হলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি কাইয়ুম সরকার ও ফুলকী ইউনিয়নের আইসড়া ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউপি সদস্য বাবুল সরকার। এরা সম্পর্কে সহোদর ভাই।
স্থানীয়রা জানান, উপজেলার ফুলকী ইউনিয়নের আইসড়া উচ্চ বিদ্যালয়ের ২২টি গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে ৩০জন ঠিকাদার দরপত্র ক্রয় করেন। গত ৩ জুন উপজেলা পরিষদ হলরুমে দরপত্র ক্রয় করা ঠিকাদারদের মধ্যে খোলা ডাক অনুষ্ঠিত হয়। এসময় এক লাখ ৭৬ হাজার টাকা মূল্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে সংগ্রাম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচিত হয়। কিন্তু টেন্ডারের আগেই বিএনপি নেতা কাইয়ুম সরকার ও তার ছোট ভাই স্থানীয় ইউপি সদস্য বাবুল সরকারসহ বেশ কয়েকজনে মিলে দরপত্র ক্রয় করা ঠিকাদারদের সঙ্গে আতাতের মাধ্যমে সিন্ডিকেট তৈরি করেন। এ কারণে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের গাছগুলোর মূল্য সিন্ডিকেটের মাধ্যমে খোলা ডাকে মাত্র এক লাখ ৭৬ হাজার টাকা পর্যন্ত ডাক ওঠায়। এতে প্রায় আড়াই লাখ টাকা বঞ্চিত হয় কর্তৃপক্ষ। খোলা ডাকের পর সমঝোতায় অংশ নেওয়া কাইয়ুম সরকার ও বাবুল সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে টাকা ভাগাভাগি করে নিয়েছে বলে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি জানাজানি হওয়ায় এক পর্যায়ে উপজেলা বিএনপি গত ৬ জুন কাইয়ুম সরকার ও বাবুল সরকারকে দল থেকে সাময়িক বহিষ্কার করে।
এদিকে, বিদ্যায়য়ের পুরোনো ২২টি গাছের দাম স্থানীয় বেপারীরা প্রায় সাড়ে ৪ লাখ টাকা পর্যন্ত বলেছিল। কিন্তু কয়েকজন বিএনপি নেতার সমন্বয়ে সমঝোতার ফলে টেন্ডারে এত কম টাকায় গাছগুলো বিক্রি হয়।
এ কারণে কর্তৃপক্ষ মোটা অংকের টাকা থেকে বঞ্চিত হয়েছে।
আইসড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুর রহমান বলেন, ‘অনিয়মের অভিযোগ ওঠায় এলাকাবাসীর পক্ষ থেকে টেন্ডারটি বাতিল চেয়ে পুনরায় টেন্ডার দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন দেওয়া হয়েছে।’
অভিযুক্ত বিএনপি নেতা কাইয়ুম সরকার বলেন, ‘আমার বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ আনা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এলাকায় গ্রুপিং থাকায় ষড়যন্ত্র করে এমন অভিযোগ আনা হয়েছে। শুনেছি দল থেকে বহিষ্কার করা হয়েছে, তবে এখনও কোনো চিঠি পাইনি।’
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর বলেন, ‘একটি বিদ্যালয়ের গাছ বিক্রিতে টেন্ডার প্রক্রিয়ায় সিন্ডিকেট তৈরি করার বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় বিএনপির ওই দুই নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, ‘এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি পর্যবেক্ষণ করছি।’
বাসাইলসংবাদ, ০৭ জুন, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




