
বাসাইলসংবাদ: শুক্রবার, ৩১ মে, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ( বেফাক) ৪২তম কেন্দ্রীয় পরীক্ষায় মুমতায বিভাগের হিফজুল কোরআনে সারাদেশে যৌথভাবে ১ম স্থান অধিকার করেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাজিদুল ইসলাম (১২)। তার বোর্ড রোল নং ৪০৯৪। সাজিদুল উপজেলার জামুর্কী কাচারীবাড়ী ফোরকানিয়া ও হাফিজিয়া মাদরাসার ছাত্র। মির্জাপুর পৌর সদরের পুষ্টকামুড়ী পূর্বপাড়া গ্রামের প্রয়াত জামাল হোসেন বাবুলের একমাত্র পুত্র এই সাজিদুল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল অনুষ্ঠিত্ব এবারের বেফাক-১৯ পরীক্ষায় মুমতায বিভাগসহ মোট ৬ বিভাগে দেশের ৫২৩ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে হিফজুল কোরআন বিষয়ে মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৮ হাজার ৬ শত ১৮ জন।
জামুর্কী কাচারীবাড়ী ফোরকানিয়া ও হাফিজিয়া মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আবুল হাসান জানান, সাজিদুল শান্ত স্বভাবের এবং মেধাবী ছাত্র। আমাদের বিশ্বাস ছিল সাজিদুল ভাল কিছু উপহার দিবে।
মাদরাসা প্রিন্সিপাল মাওলানা মনিরুজ্জামান বলেন, ‘সাজিদুলের এমন ফলাফলে আমরা গর্বিত। আশা করি ভাল ফলাফলের এই ধারাবাহিকতা বজায় রেখে সাজিদুল একদিন দেশের অনেক বড় আলেম হয়ে ইসলামের সেবা করবে।’
সাজিদুলের মা জানান, সাজিদুলের বাবার স্বপ্ন ছিল তার ছেলে একদিন দেশের অনেক বড় হাফেজ হবে। তাই ছোট বেলা থেকেই সাজিুদলকে হাফেজী মাদরাসায় ভর্তি করে দেওয়া হয়। সাজিদুলের বাবা প্রয়াত হলেও আমি তার সেই স্বপ্ন পূরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সময় দেশবাসীর কাছে সাজিদুলের জন্য দোয়া প্রার্থনা করেছেন সাজিদুলের মা।
বাসাইলসংবাদ/একেবি




