
বাসাইলসংবাদ: শনিবার, ০২ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মির্জাপুরে টানা তৃতীয় বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। শুক্রবার অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তার এই মনোনয়ন চূড়ান্ত করা হয় বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে।
মীর এনায়েত হোসেন মন্টুর সামনে এখন টানা তৃতীয় বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার হাতছানি। এরআগে তিনি টানা পাঁচ বার গোড়াই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে টানা দুইবার হয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। ১৯৮৪ সাল থেকে বর্তমান পর্যন্ত তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবেই আসীন রয়েছেন।
এরআগে গত ২৭ জানুয়ারি স্থানীয় সাংসদ আলহাজ¦ একাব্বর হোসেনের বাস ভবনে দলের বর্ধিত সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষে দলীয় ভোট অনুষ্ঠিত হয়। যেখানে মীর এনায়েত হোসেন মন্টু ২০৬ ভোট পেয়ে বিজয়ী হন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আর মামুন পান ১৭৪ ভোট। পরে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মীর এনায়েত হোসেন মন্টুর একক নাম পাঠানো হয় কেন্দ্রে। তবে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন দুই নেতাই।
যুবলীগ নেতা হয়েও প্রবীণ নেতার সাথে দলীয় ভোটে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হওয়া, অতঃপর দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করা, মনোনয়ন পাওয়ার চেষ্টা, ফেসবুকে নিজের বিভিন্ন পোস্ট ও নিজ সমর্থকদের বিভিন্ন পোস্টে আলোচিত হয়ে উঠেন যুবলীগ নেতা শামীম আল মামুন।
উল্লেখ্য, এ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।
বাসাইলসংবাদ/একেবি




