
বাসাইলসংবাদ: রোববার, ২৭ মে, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
“মাদককে না বলুন, মাদক সম্পর্কে সচেতন হোন, এটি একটি মরণ ব্যাধি।” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদক বিরোধী আলোচনা সভা করেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা রিপোর্টার্স ইউনিটি। শনিবার (২৬ মে) সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময়ের নিজস্ব প্রতিবেদক মো. রেজাউল করিম, দেলদুয়ার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম আহসানুল হক সুমন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাদল। সারাদেশে মাদকের অবস্থান তুলে ধরে বক্তারা বলেন, অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে উপজেলায় কোথাও মাদকের ঘাটি থাকলে সেটা চিহ্নিত করতে হবে। সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও সামাজিক দায়বদ্ধতা রয়েছে। মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান উপজেলা সাংবাদিক নেতারা। সাংবাদিকদের লেখনির মাধ্যমে সাধারণ মানুষদের সচেতন করার কথাও তুলে ধরেন তারা। “চল এবার যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” র্যাবের এই স্লোগানের সাথে সহমত প্রকাশ করে সংগঠনটি। তবে যাচাই-বাচাইয়ের মাধ্যমে সঠিক মাদকসেবী বা মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান সংগঠনটির নেতাকর্মীরা।
সংগঠনের সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আলোচনা পর্বের আগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় সংগঠনটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একে




