
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে বর্ধিতকরণ কাজ করতে গিয়ে রেল লাইনের সিগনাল ক্যাবল কেটে গেছে। ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রুটে ট্রেন চলাচলে দুর্ঘটনা ঘটনার আশংঙ্কা রয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঘারিন্দা রেলস্টেশন প্লাটফর্ম বর্ধিতকরণ কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান ভেকু দিয়ে কাজ করার সময় সিগনাল ক্যাবলটি কেটে যায়।

স্টেশন সূত্রে জানা যায়, ঘারিন্দা রেলস্টেশনের প্লাটফর্ম বর্ধিতকরণের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ভেকু দিয়ে কাজ করার সময় ৮টি ক্যাবলের মধ্যে একটি ক্যাবল কেটে ফেলে। এতে করে ২ নম্বর লেনের ট্র্যাকের সিগনাল ফেল করেছে। ক্যাবল কেটে যাওয়ায় সিগনালে কোন কাজ করছে না।
ঘারিন্দা রেল স্টেশনের খালাসি (সিগনাল) জহুরুল হক বলেন, সিগনাল ক্যাবলটি কেটে যাওয়ায় লাইনে চলাচল করা সকল ট্রেন হুমকির মুখে পড়বে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) শহিদুল ইসলাম বলেন, কাজ করার সময় সিগনাল ক্যাবলটি কেটে যায়। এতে বিকল্প হিসেবে ট্রেনগুলো ম্যানুয়াল পদ্ধতিতে চলাচল করবে। এতে দুর্ঘটনার কোনও শঙ্কা নেই। ম্যানুয়ালে চলাচলের সময় হয়তবা ট্রেন প্রতি ৫ থেকে ১০ মিনিট দেড়িতে ছাড়বে। সিগনাল ক্যাবল মেরামতের জন্য লোকজন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। খুব দ্রুতই সিগনাল ক্যাবলের মেরামত কাজ শেষ করা হবে।’
বাসাইলসংবাদ/ ২৮ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




