
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যুর ঘটনার দায়ে এক বাস চালককে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট সাউদ হাসান এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম রাশেদুল ইসলাম। তিনি জামালপুর সদর উপজেলার তেতুলিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের পহেলা আগস্ট বিকেলে রাশেদুল বাস চালিয়ে জামালপুরের তারাকান্দি থেকে ঢাকা যাচ্ছিল। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্ল্যা এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহি মাইক্রোবাসের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। পরে বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বাদি হয়ে বাস চালক রাশেদুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে এসআই আব্দুস সাত্তার ২০০৯ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানো এবং গুরুতর জখম ও গাড়ির ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়।
বিচারক মৃত্যু ঘটানোর অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া গাড়ির ক্ষতি সাধনের অভিযোগে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রায়ে এই সাজা পর্যাক্রমে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে।
রায় ঘোষণার সময় দণ্ডিত বাস চালক রাশেদুল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/ ২৮ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




