
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে টিকা কেন্দ্রে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সানিউল আলমকে থাপ্পড় মারার ঘটনায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ে গণ টিকা কেন্দ্রে পুলিশের ওই কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনা ঘটে। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া এ তথ্যিিট নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাদেকুল ইসলাম। তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ে গণ টিকা কার্যক্রম শুরু হয়। বিকেল সাড়ে তিনটার দিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম তার পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে টিকা দিতে কেন্দ্রে যান। তিনি নিয়ম না মেনে তাদের নিয়ে কেন্দ্রের ভেতরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আগে থেকে টিকা নিতে আসা লোকজন ঘটনাটির প্রতিবাদ করে এবং পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে কেন্দ্রের দায়িত্বরত সখীপুর থানার সহকারী উপপরিদর্শক সানিউল আলম প্রধান শিক্ষক সাদেকুল ইসলামকে কেন্দ্রে ঢুকতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সানিউল আলমকে থাপ্পড় মারেন ওই প্রধান শিক্ষক। এঘটনার পর সন্ধায় পুলিশ প্রধান শিক্ষক সাদেকুল ইসলামকে গ্রেফতার করে।
ওসি এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, ‘সরকারিকাজে বাধা ও পুলিশের গায়ে হাত তোলার অপরাধে ওই শিক্ষককে আটক করা হয়েছে। পরে রাতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
বাসাইলসংবাদ/ ২৮ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




