
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি আসনের মধ্যে সাতটি আসনে মনোনয়নপ্রত্যাশী ১৪জনকে চিঠি দিয়েছে বিএনপি। কিন্তু টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে কে আসবে তা এখনও ঘোষণা করা হয়নি। কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী নাকি বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান আসবেন সেব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ২৮ নভেম্বর এব্যাপারে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা।
এই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বঙ্গবীর কাদের সিদ্দিকী আসবেন এমনটাই আলোচনা এখন সবার মুখে মুখে।
জেলার অন্যান্য আসনে যারা মনোনয়নপত্রের চিঠি পেলেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ফকির মাহবুব আনাম স্বপন ও সরকার শহীদ, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে সুলতান সালাউদ্দিন টুকু ও কৃষিবিদ শামছুল আলম তোফা, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মাইনুল ইসলাম ও লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে লুৎফর রহমান মতিন ও ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, টাঙ্গাইল-৫ (সদর) আসনে মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ও ছাইদুল হক ছাদু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও নুর মোহাম্মদ খান, টাঙ্গাইল-৭ (মির্জাপুর)আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সাইদুল ইসলাম খান।
জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা বলেন, টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে সাতটি আসনে দুইজন করে মোট ১৪জনকে চিঠি দেওয়া হয়েছে। তবে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে এখনও ঘোষণা করা হয়নি। বিষয়টি আগামীকাল জানা যাবে।’
বাসাইলসংবাদ/একে




