
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক: এবার অমর একুশে বই মেলায় আসছে টাঙ্গাইলের মির্জাপুরের ইউএনও মালেক মুস্তাকিম রচিত উপন্যাস ‘নগরপুরুষ’। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। পেশায় তিনি একজন সরকারি কর্মকর্তা হলেও বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি অন্য রকম একটা টান রয়েছে। তার ওপর অর্পিত সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করার পরও যেটুকু অবসর সময় পান তখনি সাদা কাগজের বুকে লেখনির আচরে কবিতা, গল্প ও উপন্যাসসহ বিভিন্ন ইভেন্টের সাহিত্য সৃষ্টি করেন আপন মনের মাধুরী মিশিয়ে। এরই ধারাবাহিকতায় এবারের বই মেলায় আসছে তার সৃষ্টি উপন্যাস ‘নগরপুরুষ’। ইস্তামিন প্রকাশন ঔপন্যাসিক মালেক মুস্তাকিম-এর এ উপন্যাসটি প্রকাশ করছে। এটি পাওয়া যাবে মেলার ৩৬৫ নং স্টলে।
এ উপন্যাস সম্পর্কে ঔপন্যাসিক জানান, তার ‘নগরপুরুষ’ উপন্যাসটি মূল উপজীব্য বিষয় বস্তু হিসেবে বাঙ্গালী তরুণ-তরুণীদের প্রেম, ভালোবাসা ও বিয়ের ভাবনাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
আলাপচারিতায় ‘নগরপুরুষ’ উপন্যাসটির লেখক ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মালেক মুস্তাকিম বলেন, ‘তরুণ প্রজন্ম পাঠ্য বইয়ের বাইরে কিছু পড়তে চায়না কিন্তু তাদের পাঠ্য বইয়ের বাইরেও বেশি বেশি বই পড়া উচিৎ।
তাই নিজের মনের চাহিদা ও তরুণ প্রজন্মের কথা ভেবে সরকারি দায়িত্ব পালনের বাইরে সময় সুযোগ করে লেখালেখির চেষ্টা করি।’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যের ওপর পড়াশোনা করা মালেক মুস্তাকিম বাংলা সাহিত্যের ওপর কলেজ জীবন থেকেই লেখালেখির সাথে যুক্ত। লিখতেন উন্মেষ নামক একটি পত্রিকায়। এর আগে “দেয়ালমুখী” ও “ঘুম কুমার” নামক দুটি উপন্যাস ছাড়াও প্রকাশিত হয়েছে তার লেখা “ভুলের ভূ-গোল”, “বিষন্নতাবিরোধী চুম্বণগুলি” ও “তোমার সাথে হাটে আমার ছায়া” নামক তিনটি কাব্যগ্রন্থ।
বাসাইলসংবাদ/একেবি




