
বাসাইলসংবাদ: রোববার, ২৭ মে, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলীর বিরুদ্ধে মামলা না নেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার। শনিবার (২৬ মে) দুপুরে সখীপুর প্রেসক্লাব হলরুমে ওই ভুক্তভোগী পরিবারের পক্ষে মো. হবিবর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের ধলীপাড়া গ্রামের নবু হোসেনের সঙ্গে প্রতিবেশী শম্ভু মিয়া ও মান্নানের সঙ্গে পূর্বশত্রুতায় বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন গত মঙ্গলবার (২২ মে) কথাকাটাকাটির এক পর্যায়ে লাঠি-সোঁটা নিয়ে নবু হোসেনের বাড়িতে ভাংচুর চালায়। এসময় তারা আসবাবপত্রসহ দুটি ঘর ভাঙচুর করে। এতে বাঁধা দিলে নবু হোসেনের ছেলে মজিবুর, পুত্রবধূ শিউলী, নাতি আবদুল করিম, নাতনি স্কুলছাত্রী আঁখি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।
হবিবর রহমান বলেন, হামলাকারিরা আমাদের বাড়ির দুটি ঘর ভাঙচুর করে আমার স্কুল পড়–য়া মেয়ে আঁখির হাতের আঙ্গুলে কামড় দিয়ে জখম করেছে; তিনি এর বিচার দাবি করেন। এ ঘটনায় প্রভাবশালী প্রতিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ নিয়ে ওসি তাদের মামলাটি নিতে তালবাহানা করে। ওসি উল্টো অপরাধীদের পক্ষ নেয়ায় প্রতিপক্ষের লোকেরা তাদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। পরিবারটি ভয়ে নিজেদের বসত বাড়ি ছেড়ে ৫দিন ধরে পালিয়ে বেড়াচ্ছে। বর্তমান চরম নিরাপত্তাহীনতায় ভুগছে হামলার শিকার পরিবারটি।
সংবাদ সম্মেলনে বৃদ্ধ নবু হোসেন, তার ছেলে হবিবর, পুত্রবধূ শিউলী, নাতনি স্কুলছাত্রী আঁখি উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ওসি এসএম তুহীন আলী বলেন, তারা একটি অভিযোগ করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে মামলার নেয়ার মত ঘটনা ঘটেনি বলে ওসি জানান।
এদিকে সখীপুর হাসপাতালে ভর্তি গুরুতর আহত মজিবুর, আবদুল করিমসহ তিনজনের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় মজিবুর রহমানকে শনিবার বিকেলে টাঙ্গাইলে রেফার্ড করা হয়েছে।
বাসাইলসংবাদ/একে




