
বাসাইলসংবাদ: রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯:

মির্জাপুর(টাঙ্গাইল): আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীতা নিয়ে সারাদেশেই বিভিন্ন দলে চলছে আলোচনা। কে পাবে মনোনয়ন! এমন আলোচনার ব্যতিক্রম নয় টাঙ্গাইলের মির্জাপুরেও। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন। রবিবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের স্থানীয় সকল নেতা-কর্মীদের নিয়ে প্রত্যাশা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি তার প্রার্থীতা ঘোষণা করেন।এসময় জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান খান বাবুল, মির্জাপুর পৌর সভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডের আওয়ামী মনোনিত কাউন্সিলরগণ, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোতালেব মিয়া, কৃষক লীগের সভাপতি হুমায়ন তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, পৌর ও ইউনিয়ন পর্যায়ের দলীয় ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শামীম আল মামুন ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পা রাখা এই যুবনেতা সম্প্রতি সরকারিকরণ হওয়া মির্জাপুর এস.কে পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
উপজেলার তরুন ও যুব সমাজের জনপ্রিয় ও আস্থাশীল নেতা হিসেবে পরিচিত শামীম আল মামুন উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে এলাকার মানুষ তরুন নেতৃত্ব চায়। জনমত বিবেচনায় দল যদি তাকে মনোনয়ন দেয় তবে বিজয় নিশ্চিত করে বিশেষভাবে উপজেলার তরুন ও যুব সমাজকে নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে মাদকমুক্ত একটি সুন্দর সমাজ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবেন তিনি।
বাসাইলসংবাদ/একেবি




