
বাসাইলসংবাদ: সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে প্রায় এক মাস ধরে দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় রবিবার (১৩ জানুয়ারি) রাতে ওই ছাত্রীর মা বাদি হয়ে অভিযুক্ত মজিবর (৪২) ও তার স্ত্রী আমেনা বেগমসহ ৪জনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা দায়ের করে। পরে ওই রাতেই অভিযুক্ত মজিবর ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেফতার করে পুলিশ। পরে সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত মজিবর রহমানকে ৫দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এখনও ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়নের ধলীপাড়া গ্রামের ওই ছাত্রীকে স্থানীয় মজিবর নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মজিবরের পরিবার প্রভাবশালী হওয়ায় ওই মেয়েটির পরিবার কাউকে কিছু বলতে সাহস পায়নি। এমতাবস্থায় মেয়েটি গত ২৪ ডিসেম্বর স্থানীয় বাজারে যাওয়ার সময় অভিযুক্ত মজিবর রহমান কৌশলে তাকে তুলে নিয়ে যায়। তাকে আটকে রেখে নিয়মিত ধর্ষণ এবং নানাভাবে নির্যাতন চালায়। এঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে রবিবার (১৩ জানুয়ারি) রাতে অভিযুক্ত মজিবর রহমান ও তার স্ত্রী আমেনা বেগমসহ ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, ‘সোমবার দুপুরে অভিযুক্ত মজিবরকে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও মজিবরের স্ত্রীকেও আদালতে পাঠানো হয়। ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।’
বাসাইলসংবাদ/একেবি




