
বাসাইলসংবাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমিককে নিয়ে দুই প্রেমিকার টানাটানির ঘটনা ঘটেছে। এক প্রেমিকাকে বাড়িতে উঠালে সেই খবর পেয়ে আরেক প্রেমিকাও উঠে বসে প্রেমিকের বাড়িতে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুরে।
এদিকে এক প্রেমিকার মায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে মির্জাপুর উপজেলার বাইমাইল গ্রামের কামরুজ্জামান খানের ছেলে প্রেমিক সাব্বির (১৯)কে আটক করেছে।
ওই সময় একই উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা টাঙ্গাইল কুমুদিনী মহিলা কলেজের এবারের এইচএসসি পরিক্ষার্থী এক প্রেমিকা ও উপজেলার ইচাইল গ্রামের বাসিন্দা কুরণী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবারই এসএসসি পরিক্ষা দেওয়া অপর প্রেমিকাকে উদ্ধার করে। আটককৃত সাব্বির মুন্সীগঞ্জ পলিটেকনিকে চতুর্থ সেমিস্টারে অধ্যয়নরত।
পুলিশ জানায়, অপহরণের একটি অভিযোগের প্রেক্ষিতে প্রেমিক সাব্বিরকে আটক করা হয়। এসময় অপহৃত মেয়েটিকে উদ্ধার করা হয়। কিন্তু সেই মুহূর্তে ওই বাড়িতেই অবস্থান করা আরেকটি মেয়ে নিজেকে সাব্বিরের প্রেমিকা পরিচয় দেয়। পরে তাকেও উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় সাব্বিরের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুরাদ হোসেন।
এ তথ্যটি নিশ্চিত করে ওসি (তদন্ত) মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃতদের বিষয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বাসাইলসংবাদ/একেবি




