
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে কলাবাগান থেকে মারুফ হোসেন (১৪) নামের এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের সরাবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার এতথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত মারুফ জেলার সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের গড়বাড়ি গ্রামের ফারুক হোসেনের ছেলে। সে কালিহাতী উপজেলার রৌহা হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতো।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাদরাসা বন্ধ থাকায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে সখীপুর থেকে মারুফ তার বড় ভাই অটোচালক বাবর আলীর সঙ্গে অটোরিকশাযোগে ঘাটাইলের দেওপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যান। দেওপাড়া বাজার থেকে দুই ভাই মিলে কলা কেনেন। ছোট ভাইকে অটোরিকশায় রেখে বড় ভাই বাবর আলী কলা মামার বাড়িতে রেখে আসতে যান। কলা রেখে বাজারে ফিরে বাবর আলী অটোরিকশা ও তার ভাইকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না। পরে সকালে কলাবাগানে তার লাশ পাওয়া যায়।
রসুলপুর ইউপি সদস্য নূরুল ইসলাম জানান, স্থানীয়রা উপজেলার সরাবাড়িতে কলাবাগানের ভেতরে সকালে গলায় চাদর পেঁচানো অবস্থায় একটি অজ্ঞাত শিশুর লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মারুফের বড় ভাই বাবর আলী ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।
ওসি আজহারুল ইসলাম সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে
পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাসাইলসংবাদ/ ২৮ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




