
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার সার্বিক মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান। উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম লোটাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সহ-সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যবৃৃন্দ এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিকস্তরের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক প্রশিক্ষণ, অভিভাবক সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষা পদ্ধতি প্রয়োগ জরুরি।
প্রধান অতিথি আহমেদ আযম খান বলেন, ‘কিন্ডারগার্টেনগুলো দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার মানোন্নয়নে অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ প্রশংসনীয়।”
বাসাইলসংবাদ, ২৯ নভেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






