
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি পরিক্ষা। উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকী হারুনিয়া দাখিল মাদ্রাসার ছাত্র ফয়সাল আহমেদ তোহারও অংশগ্রহণ করার কথা ছিলো এই পরিক্ষায়। চলছিলো জোর প্রস্তুতিও। কিন্তু কে জানতো এভাবে সহপাঠীদের হামলায় জীবন ও পরিক্ষায় অংশগ্রহণ দু’ই শঙ্কার মধ্যে পড়ে যাবে। বই খাতা ছেড়ে ছেলেটি এখন ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, গত ৯ জানুয়ারি সহপাঠী রাহিম, মাজেদুর রহমান, ফিহাদ সিকদার, রকি মিয়ার হামলায় গুরতর আহত হয় তোহা। এ ঘটনায় ১১ জানুয়ারি মির্জাপুর থানায় একটি মামলাও দায়ের হয়েছে। হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী বিক্ষোভ মিছিল- প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রেখেছে।
তোহার বাবা মাহফুজুর রহমান বলেন, ‘কয়েকদিন আগে হামলাকারী রাহিম তাদের এলাকায় গিয়ে মুরুব্বিদের সাথে বেয়াদবী করায় আমরা তাকে শাসন করে দেই। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাহিম ও তার সাঙ্গপাঙ্গরা আমার ছেলের ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।’
গোড়াকী হারুনিয়া দাখিল মাদ্রাসার সুপার শামছুদ্দিন বলেন, ‘অভিযুক্তরা ক্লাসে মনোযোগী না হয়ে বখাটেপনার কারণে আমি তাকে শাসন করেছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে আমার মোটরসাইকেলের ওপর হামলা চালায়। আমরা রাহিমসহ অন্যান্যদের উপযুক্ত বিচার চাই।’
তোহার ওপর হামলার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মিজান বলেন, ‘ঘটনার পর থেকেই আমরা অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছি। আশা করছি দ্রুতই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারবো।’
…বাসাইলসংবাদ/১২ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




