
বাসাইলসংবাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে জেলা প্রশাসকের অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করা হয়েছে। নম্বরটি ক্লোন করে বিভিন্নজনের কাছে চাঁদা দাবি করছে একটি চক্র। কেউ যাতে প্রতারিত না হয় সেজন্য মোবাইল নম্বর ক্লোন হওয়ার বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল উপজেলা চেয়ারম্যান ও ইউএনওসহ বিভিন্ন মহলে জানানো হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম এই তথ্যটি নিশ্চিত করেছেন।
এদিকে, জনসচেতনা সৃষ্টি করতে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম “জেলা প্রশাসক টাঙ্গাইল” নামের তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে লিখেছেন, জেলা প্রশাসক টাঙ্গাইল-এর অফিসিয়াল মোবাইল নাম্বার ০১৭১৫২২৮৫৬৬। জানতে পারলাম এই নাম্বারটি ক্লোন হয়েছে এবং এই নাম্বার থেকে ফোন দিয়ে বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া হচ্ছে। কাউকে এ বিষয়ে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। জেলা প্রশাসকের এমন স্ট্যাটাসে সচেতন হয়ে অসংখ্য ফলোওয়ার্স তাকে ধন্যবাদ দিয়ে কমেন্টস করেছেন। কেউ কেউ হতভম্বও হয়েছেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘হঠাৎ করে শুক্রবার (২৩ আগস্ট) সকালে জানতে পারি আমার সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাচ্ছে। বিষয়টি জেনে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।’
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, জেলা প্রশাসক তার মোবাইল নম্বর ক্লোন করে টাকা আদায়ের বিষয়টি জানিয়েছেন। পুলিশ এই প্রতারক চক্রটিকে ধরতে সর্বাত্মক চেষ্টা করছে।
বাসাইলসংবাদ/একেবি




