
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সখীপুর পৌরসভা মিলনায়তনে ‘সেপটিক ট্যাংক, পিট পরিস্কার করার সময়ের স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকিসমূহ ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক’ শীর্ষক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। সখীপুর পৌরসভা, ওয়াটারএইড বাংলাদেশ ও বাসা সংস্থা কর্তৃক বাস্তবায়িত ওয়াশফর আরবান পুওর প্রকল্পের উদ্যোগে ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে এ বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করেন পৌরসভার কনসারভেন্সি ইনসপেক্টর হারুন আজাদ। বাসা সংস্থার প্রকল্প ব্যবস্থাপক বলেন, গত ১৩ জুলাই জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে ৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন।
সখীপুর পৌরসভার কাউন্সিলর জাহিদ হোসেন, পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা ঝুকিঁ সম্পর্কে এ ধরনের পূর্ব অভিজ্ঞতা বর্ণনা করেন।
এ বিষয়ে পরিচ্ছন্নতাকর্মী মোবারক হোসেন জানান, তিনি ইতিপূর্বে ৫নং ওয়ার্ডে অবস্থিত হাশেম মন্ডলের বাড়ীতে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে শ্বাস কষ্টে ভোগেন ও অসুস্থ হয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করেন। নিয়মিতভাবে পরিচ্ছন্নতাকর্মীদের কাজের সময় ব্যক্তিগত সুরক্ষার জন্য স্বাস্থ্য নিরাপত্তা মূলক পোশাকসহ হাত মোজা, হেলমেট, মাস্ক ও জুতা ব্যবহার করা উচিত। এছাড়াও কাজের ক্ষেত্রে সকলকে আরও বেশি সতর্কতা ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সখীপুর পৌর সচিব কামরুল ইসলামসহ বাসা সংস্থার প্রতিনিধিরা। কর্মশালা শেষে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে কনসারভেন্সি ইনসপেক্টর সখীপুর পৌরসভার মাসিক সভায় পরিচ্ছন্নতাকর্মীদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে প্রতিমাসে একটি লিখিত পরিদর্শন রিপোর্ট জমা দিবেন। পৌরসভার মধ্যে কোন স্থানে ভ্যাকুট্যাগ ছাড়া মল অপসারণ ও খোলা ড্রেনে টয়লেট সংযোগ করা হলে উক্ত বাড়ী/প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে পৌর আইন-২০০৯ অনুযায়ী লিখিত নোটিশ জারি করবেন। পৌরসভার সচিব জারিকৃত নোটিশ-এর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং মাসিক সভার রেজুলেশনে লিখিতভাবে তথ্য সংগ্রহ করবেন।
বাসাইলসংবাদ/একেবি




