
বাসাইলসংবাদ: শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলে আওয়ামী লীগের তিনজন সংসদ সদস্যকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দেন নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশঅনুযায়ী এই তিন সংসদ সদস্য বৃহস্পতিবার (২৮ মার্চ) যার যার নির্বাচনি এলাকা ছেড়েছেন বলে জানা গেছে।
এই তিন সংসদ সদস্যরা হলেন- টাঙ্গাইল-৪ আসনের মোহাম্মদ হাছান ইমাম খাঁন সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ আসনের মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ আসনের অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
হাছান ইমাম খাঁন বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশক্রমে নির্বাচনি এলাকা ছেড়েছি। আমি এখন টাঙ্গাইলস্থ নিজ বাসায় অবস্থান করছি।’
অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়মঅনুযায়ী নির্বাচনি এলাকা ছেড়ে টাঙ্গাইলস্থ নিজ বাসভবনে অবস্থান করছি।’
সংসদ সদস্য ছানোয়ার হোসেনের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা বলেন, ‘এমপি স্যার নির্বাচনি এলাকা ছেড়ে ঢাকায় তার নিজ বাসভবনে অবস্থান করছেন।’
জেলা নির্বাচন অফিসার এএইচ এম কামরুল ইসলাম বলেন, ‘আমি এই তিন এমপির সাথে কথা বলেছি। তারা নির্বাচনি এলাকা ছেড়েছেন। তারা নির্বাচনি এলাকা ছেড়ে যেকোনও জায়গায় থাকতে পারবেন। তবে জেলা ছাড়লে ভালো হয়।’
প্রসঙ্গত, গত বুধবার (২৭ মার্চ) রাতে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনের স্বার্থে তাদের বৃহস্পতিবারের (২৮ মার্চ) মধ্যে নির্বাচনি এলাকা ছাড়তে বলা হয়।
বাসাইলসংবাদ/একেবি




