
বাসাইলসংবাদ: শুক্রবার, ২৮জুন, ২০১৯:

নিউজ ডেস্ক : বরগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্যে স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ১৩ জনকে শনাক্ত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এদের সবাই গ্রেফতার হবে, এ ব্যাপারে নিশ্চিত থাকতেও বলেছেন তিনি।
শুক্রবার(২৮ জুন) দুপুরে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ‘ইতিহাস ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন শীর্ষক প্রকল্প’ কাজের উদ্বোধনে এসে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
বুধবার বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফ নামে এক তরুণকে প্রকাশ্যে হত্যার ভিডিও প্রকাশ হয়েছে সামাজিক মাধ্যমে। তাকে বাঁচাতে স্ত্রী আশেয়া সিদ্দিকা মিন্নির আপ্রাণ চেষ্টা দেখে আবেগাক্রান্ত হয়েছে মানুষ।
নিহতের বাবা ১২ জনের নাম উল্লেখ ও চার থেকে পাঁচ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করার পর বৃহস্পতিবার ধরা পড়ে দুই জন। তবে প্রধান আসামি নয়ন বন্ড এবং রিফাত ফরাজী এখনো পলাতক। তারা যেন দেশ ছাড়তে না পারে, সে জন্য জারি করা হয়েছে সতর্কতা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামিদেরকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। পুলিশ বলছে, তারা আপ্রাণ চেষ্টা করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত আমরা হত্যাকাণ্ডের
সঙ্গে ১৩ জনকে শনাক্ত করেছি। তার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেখবেন বাকিদেরকে শিগগির গ্রেপ্তার করা হয়েছে। আমাদের দক্ষ পুলিশ বাহিনী এটা নিয়ে কাজ করছে।’
‘আমাদের পুলিশ, গোয়েন্দারা অত্যন্ত দক্ষ। আমাদের নজর এড়িয়ে কেউ পার পায়নি। হত্যাকাণ্ডের
সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের অধিকাংশই ধরা পড়েছে। বাকি যে কয়েকজন আছে, তারা অচিরেই ধরা পড়বে।’
ফেনীর আলোচিত নুসরাত হত্যার পর আসামিদেরকে গ্রেপ্তারের উদাহরণও টানেন মন্ত্রী। বলেন, ‘আমরা বলেছিলাম কাউকে ছাড় দেব না। সেখানে দেখেছেন আমাদের দলের সঙ্গে সম্পৃক্ত তাদেরকেও আমরা ছাড় দেইনি। আমাদের প্রধানমন্ত্রী সুশাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। তাই আপনারা যারা সন্দেহ করছেন, কেউ দলের সঙ্গে সম্পৃক্ত থাকলে ছাড় পাবে, তা ভুল ধারণা।’
বাসাইলসংবাদ/একেবি




