
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় ডাকাতির ঘটনায় একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন আলী এ তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- জেলার ঘাটাইল উপজেলার শিরির চালা গ্রামের ছাকেত আলীর ছেলে আবু হানিফ, একই উপজেলার মালির চালা গ্রামের ছায়েদ আলীর ছেলে মকবুল হোসেন, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার লংছিরা দক্ষিণ পাড়া গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে আলী আকবর এবং একই জেলার ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া গ্রামের মক্কু মিয়ার ছেলে ছালাম কানা ওরফে কালাম।
মামলার আইও সখীপুর থানার এসআই আবদুল জব্বার বলেন, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠালে আদালত চার জনের মধ্যে তিনজনের তিনদিন করে রিমাণ্ড মঞ্জুর করেন এবং একজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি এসএম তুহিন আলী বলেন, আদালত গ্রেফতারকৃত চার ডাকাতের মধ্যে আবু হানিফ, মকবুল হোসেন ও আলী আকবরকে তিনদিন করে রিমাণ্ড মঞ্জুর করেন। সোমবার রাতেই সখীপুর থানায় আনা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
বাসাইলসংবাদ/একে




