
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে সরকারি খাস জমি জবর-দখল করে ঘর নির্মাণের চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে মোস্তফা খান রাজিব (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা উপজেলার প্রতিমা বংকী গ্রামের দক্ষিণ চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন।

মোস্তফা খান রাজিব জেলার বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বাসাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসাইল নতুনস্ট্যান্ড এলাকার মৃত বজলুর রহমান খানের ছেলে।
জানা যায়, উপজেলার প্রতিমা বংকী গ্রামের দক্ষিণ চৌরাস্তা এলাকায় সরকারি জমিতে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’-এর কাজ চলছে। শুক্রবার দুপুর একটার দিকে আওয়ামী লীগ নেতা মোস্তফা খান রাজিব শতাধিক লোকজন নিয়ে নির্মাণাধীন স্টেডিয়ামের ওই জমিতে হঠাৎ টিনের ঘর নির্মাণের কাজ শুরু করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও রাজিব বাকবিতন্ডা ও আদালতকে হুমকি দিতে থাকেন। পরে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত দুই বান্ডিল টিন ও কাঠ জব্দ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, সরকারি জমি জবর-দখলের চেষ্টা, সরকারি কাজে বাধা ও আদালতকে হুমকির অপরাধে মোস্তফা খান রাজিব নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, সাজাপ্রাপ্ত রাজিবকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ, ১০ ফেব্রুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




