
নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে রাজেশ কুমার (২২) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কালমেঘা নাগেরচালা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ভারতের উত্তর প্রদেশের হামিরপুর জেলার কুরারা থানার বরুয়া গ্রামপঞ্চায়েতের বুদ্ধ প্রসাদের ছেলে। পাসপোর্ট দেখাতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে সখীপুর থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, সন্দেহ হলে এলাকাবাসী ওই নাগরিককে রোহিঙ্গা হিসেবে প্রথমে চিহ্নিত করা হলেও পুলিশের তদন্তে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় পাওয়া গেছে। এরাকাকবাসীকে সঙ্গে নিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।
মামলার বাদী থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, রাজেশ কুমার নামের ওই যুবক এলাকায় সন্দেহ জনকভাবে ঘুরাফেরা করছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। রবিবার তাকে পাসপোর্ট আইনে মামলা করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, পাসপোর্ট দেখাতে না পারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।




