
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে খোরশেদ আলম শিকদার (৬০) নামে ছোট ভাইকে বড় ভাই ছুরিকাঘাত করে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে জেলার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের বড়চালা গ্রামের মৃত মাকদ আলীর ছেলে। এঘটনায় নিহতের ছেলে হানিফ সিকদার তার বড় চাচাসহ চারজনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে। সখীপুর থানা পুলিশ শনিবার সকালে নিহতের বড় ভাই মোকছেদ আলী (৬৬) ও ছানোয়ার হোসেন (৪২) নামে দুইজনকে গ্রেফতার করে। শনিবার তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খোরশেদ আলমের ছেলে হানিফ সিকদার জানান, জমিজমা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে তার বাবাকে খুন করা হয়েছে। জমি জমা নিয়ে তার বড় চাচা মোকছেদ আলীর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। খোরশেদ আলম সিকদার গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মির্জাপুর উপজেলার বংকুরি বাজার থেকে সখীপুর উপজেলার বড়চালা গ্রামের বাড়ি ফিরছিলেন। এসময় চাচা মোকছেদ আলী তার সঙ্গীয় প্রতিবেশী সানোয়ার হোসেন, তোতা মিয়া ও আব্দুর রহিমসহ অজ্ঞাত ২/৩ জন নিয়ে খোরশেদ আলমের পথ রোধ করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত করতে তার মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়। গুরুতর অবস্থায় খোরশেদ আলম রাস্তার পাশে কাজী মিয়ার বাড়িতে গিয়ে পড়লে ওই বাড়ির লোকজন তাদের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে বাড়ির লোকজন গিয়ে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
মির্জাপুর থানার এসআই হাবিবুর রহমান বলেন, ‘নিহত ব্যক্তির বুকের পাঁজরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক ওবায়দুল হক বলেন, অভিযোগ পাওয়ার পর সহোদরসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইলের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
…বাসাইলসংবাদ/ ২২ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




