
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, তার স্ত্রী কুকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলী খাতুন, আল আমিনের বাবা সোহরাব হোসেন (৭০) ও মা হাজেরা বেগম (৬৫)। তারা ডাক্তার দেখানোর জন্য শহরে যাচ্ছিলেন বলে জানা গেছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশা রাবনা বাইপাস এলাকায় মহাসড়কের আন্ডারপাস দিয়ে টাঙ্গাইল শহরের দিকে ঢুকছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির চালকসহ ৬জন গুরুত্বর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে নেয়ার পর এক নারীর মৃত্যু হয়। আহতদের মধ্যে ঢাকা নেয়ার পথে একজন ও দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে আরও দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ২১ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




