
বাসাইলসংবাদ: রবিবার, ৩০জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে ধর্ষণের পর এক কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এঘটনায় শনিবার (২৯ জুন) রাতে পারভেজ (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পারভেজ ওই কিশোরীর সম্পর্কে মামাতো ভাই। পারভেজ উপজেলার ঘোনারচালা গ্রামের প্রবাসী বিল্লাল হোসেনের ছেলে।
মামলা ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, মেয়েটি ঘোনারচালা গ্রামে তার নানির বাড়িতে থেকে কলা বাগানে শ্রমিকের কাজ করতো। প্রায় ছয় মাস আগে দশম শ্রেণিতে পড়–য়া মামাতো ভাই পারভেজ ওই বাড়িতে একা পেয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় পারভেজ। তিন মাস পর থেকে মেয়েটির শরীরের গঠন পরিবর্তন বুঝতে পারলেও লজ্জা ও ভয়ে কাউকে কিছু বলেনি। এক সপ্তাহ আগে শরীরে বড় রকমের পরিবর্তন দেখা দিলে মায়ের কাছে ঘটনাটির বিস্তারিত খুলে বলে মেয়েটি। বিষয়টি নিয়ে এলাকায় গোপনে সালিশি বৈঠক হলেও কোনও মীমাংসা না হওয়ায় মেয়েটির মা আল্ট্রাসনোগ্রাম রিপোর্টসহ শনিবার (২৯ জুন) সন্ধ্যায় পারভেজের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
ওই কিশোরীর মা বলেন, আমরা গরিব মানুষ। তাই মেয়েটিকে তার নানির বাড়িতে রেখে কলার বাগানে শ্রমিকের কাজে দেয়া হয়েছিল। ওই বাড়িতে থাকার কারণে মেয়েটির তেমনটা খোঁজ নিতে পারিনি। এ কারণেই আমার বিষয়টা বুঝতে দেরি হয়েছে। মেয়েটিকে আল্ট্রাসনোগ্রাম করানো হয়েছে। রিপোর্টে দেখা গেছে সে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছে পড়েছে। পরে অভিযুক্ত পারভেজের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, ‘এঘটনায় মেয়েটির মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযুক্ত পারভেজকে গ্রেফতার করা হয়েছে। পারভেজ প্রাথমিকভাবে ঘটনাটি স্বীকার করেছে। পরে তাকে রবিবার (৩০জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’
বাসাইলসংবাদ/একেবি




