
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ইছাদিঘী গ্রামের পাথারবাইদ এলাকায় এ প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল নামে।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৪৮টি ঘোড়া ছয়টি গ্রুপে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা দেখতে টাঙ্গাইলের সখীপুর ও ময়মনসিংহের ভালুকা উপজেলাসহ আশপাশের কয়েকটি উপজেলার প্রায় ৫০ হাজার দর্শনার্থী সমবেত হয়। চাঁপাইনবাবগঞ্জের মেয়ে সোনিয়া আক্তার দর্শনার্থীদের মন জয় করেন।
ইছাদিঘী গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ১৬তম ঘোড়দৌড় প্রতিযোগীতা উদ্বোধন করেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদার। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শিল্পপতি আলহাজ্ব এমএ ওয়াহেদ।
আলহাজ্ব এম এ হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক শেখ চান মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম কাজী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা প্রমুখ।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বাসাইলসংবাদ, ১০ জানুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




