
বাসাইলসংবাদ: সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৯:

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও উপনেতা হিসেবে দলের চেয়ারম্যান জিএম কাদেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
আজ সোমবার সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে ৮ সেপ্টেম্বর, রোববার।
প্রজ্ঞাপনে বলা হয়,জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা রওশন এরশাদকে (ময়মনসিংহ-৪) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধীদলীয় নেতা এবং “বিরোধী দলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ ১৯৭৯” মোতাবেক (১৮ লালমনিরহাট-৩) গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।
আইন অনুযায়ী বিরোধীদলীয় নেতা মন্ত্রী ও উপনেতা প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন।
উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার পদটি শূন্য হয়। এ পদে নিয়োগ নিয়ে রওশন ও জিএম কাদেরপন্থীদের মধ্যে এতদিন দ্বন্দ্ব চলছিল। পরে দু’পক্ষের প্রতিনিধিরা বৈঠক করে জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ও রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়।
সূত্র- দৈনিক আমাদের সময়
বাসাইলসংবাদ/একেবি




