
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা ছিল আমাদের রণধ্বনি। আমাদের শক্তির উৎস। এ স্লোগান দিয়ে যুদ্ধ করে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করেছি। হাইকোর্ট জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছেন। তাই নির্বাচন কমিশনের উচিত নিবন্ধিত দলগুলোকে চিঠি দিয়ে তাদের ঘোষণাপত্রে জয় বাংলা স্লোগান অন্তর্ভুক্ত করতে বলা। অন্যথায় নির্বাচন কমিশনে নিবন্ধিত যেসব রাজনৈতিক দলের ঘোষণাপত্রে জয় বাংলা স্লোগান থাকবে না তাদের নিবন্ধন বাতিল হওয়া উচিত।

তিনি বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল পৌরসভা কর্তৃক পাকিস্তানি হানাদারমুক্ত ও বিজয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত ছয় দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, আমি ডাক্তার নই। এ ব্যাপারে বলতে পারবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা। সেখানকার চিকিৎসকরা যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত।
তিনি আরও বলেন, নয় মাস যুদ্ধ শেষে ১১ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা টাঙ্গাইলকে হানাদার মুক্ত করেছিলেন। সেই যুদ্ধে একজন কোম্পানি কমান্ডার হিসেবে আমি আগের দিন রাতে টাঙ্গাইল শহরে প্রবেশ করি এবং স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলাম।
পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, খন্দকার মমতা হেনা লাভলী এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি প্রমুখ। আলোচনা সভা শেষে ভারতের শিল্পী মিতালী মুখার্জী সঙ্গীত পরিবেশন করেন। এরআগে সকালে মুক্ত দিবস উপলক্ষে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
….বাসাইলসংবাদ/একেবি




